সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় হামলা চালানো ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া (৪৫) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের বাসিন্দা।

আটককৃতরা হলেন- একই গ্রামের ফায়েজ আহমদ (৩০), মো. সাজিদ মিয়া (৩৬) ও মো. সেবুল মিয়া (২৫)।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুনামগঞ্জ আদালতে চলমান একটি মামলায় হাজিরা সংক্রান্ত একটি বিষয়ে নিহত খোকন তার প্রতিপক্ষ কয়েকজনের সঙ্গে তর্ক-বিতর্কে লিপ্ত হলে একে পর্যায়ে ফায়েজ তার কাছে থাকা ছুরি দিয়ে খোকন মিয়ার পেটের ডান পাশে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।