সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম আজ বন্ধ

স্টার অনলাইন রিপোর্ট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মৃত্যুতে আদালতের ঐতিহ্য অনুযায়ী আজ মঙ্গলবার বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের আজ যে মামলাগুলোর শুনানি হওয়ার কথা ছিল সেই মামলাগুলো আগামীকাল শুনানি হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ৫৫ মিনিটে বিচারপতি আমির হোসেনের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বীর মুক্তিযোদ্ধা, বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করছেন। পৃথক শোকবাণীতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেন মারা গেছেন