সেট টপ বক্স স্থাপনের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

স্টার অনলাইন নিউজ

ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল টিভির সঙ্গে সেট-টপ বক্স স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

কোনো নীতিমালা বা নির্দেশিকা প্রণয়ন ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় আজ মঙ্গলবার হাইকোর্ট এ স্থগিতাদেশ দেওয়া হয়।

গত ২৮ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যবসায়ী মো. আবুল কাওসারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই সিদ্ধান্ত সংবলিত প্রজ্ঞাপনকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, ৪ সপ্তাহের মধ্যে তা জানাতে রুল জারি করেছেন আদালত।

আবেদনকারীর আইনজীবী খন্দকার মোহাম্মদ মুসফিকুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকার নিজেই প্রজ্ঞাপনে স্বীকার করেছে যে টেলিভিশনে সেট-টপ বক্স স্থাপনের কোনো নীতি বা নির্দেশিকা নেই।'

সরকারের এই সিদ্ধান্ত ঘোড়ার আগে গাড়ি রাখার মতো, তাই এটা বেআইনি ও অসাংবিধানিক।

আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।