স্কুলের মাঠে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা শহরে একটি স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে স্কুলের মাঠে তন্ময় আহমেদ তপু (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আল-হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমিতে এই ঘটনা ঘটে। নিহত তন্ময়কে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।
আল-হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির সভাপতি শহিদুল কদর জোয়ার্দার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে ৩-৪ জন যুবক তাকে কোপাতে শুরু করে। পরে তারা পালিয়ে যায়। তপুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।'
সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাকিল আর সালান বলেন, 'তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।'
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।