স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। পারিবারিক কলহের জের ধরে আজ বুধবার সকালে উপজেলার হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মসমর্পণকারী হবিবুর রহমানের স্ত্রীর নাম রুখসানা বেগম (৫৫)।

গ্রামবাসী জানান, আজ ভোর পৌঁনে ৫টার দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেন হাবিবুর রহমান। তিনি তার স্ত্রীকে বিছানা ছাড়তে বলায় তাদের মধ্যে কলহ শুরু হয়।

এক পর্যায়ে হাবিবুর তার স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে রুখসানা বেগম সেখানেই প্রাণ হারান। পরে সকালে থানায় গিয়ে তিনি স্ত্রীকে হত্যার কথা জানান।

এই ঘটনায় নিহতের ভাই নুরুল হক রানীশংকৈল থানায় মামলা করেছেন। তবে, তিনি হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, 'কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'