স্ত্রী ও ২ মেয়েকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা, ১ মেয়ের মৃত্যু
রংপুরের পীরগাছায় স্ত্রী ও ২ মেয়েকে কুপিয়ে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুঠি ভেলুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বড় মেয়ে জিম আক্তার (১১) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী জেসমিন আক্তার (২৯) ও ছোট মেয়ে জুঁই আক্তারসহ (৭) আত্মহত্যার চেষ্টাকারী রশিদুল ইসলামকে (৩৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র দ্য ডেইলি স্টারকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল রশিদুল ইসলামের।
গতকাল সন্ধ্যায় তাদের মধ্যে আবারও ঝগড়া হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও ২ মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল।
এতে বড় মেয়ে জিম ঘটনাস্থলেই মারা যায়। সেসময় গুরুতর আহত হন স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।