স্বামীকে হত্যা: মেহেরপুরে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চার জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মেহেরপুরের একটি আদালত। আজ বৃহস্পতিবার জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
আদালত একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজি শহীদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নিহতের স্ত্রী সাফিয়া খাতুন। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আহসান আলীর মেয়ে। এ ছাড়াও রয়েছেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আসির উদ্দিন মণ্ডলের ছেলে খোকন, একই উপজেলার শংকর চন্দ্রপুর গ্রামের টেঙ্গর ওরফে হোসেন আলীর ছেলে মুকুল ও আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আসাদুল।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজি শহীদ জানান, ২০০৭ সালের ৩১ জুলাই মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রাম থেকে আলম আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। আলম বলিয়ারপুর গ্রামের হাতেম আলীর ছেলে। এ ঘটনায় মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে পুলিশ প্রমাণ পান হত্যাকাণ্ডটি নিহতের স্ত্রী করিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন বাড়াদী ক্যাম্প ইনচার্জ আব্দুস সালাম মিয়া ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।