স্বামীর নির্যাতনে অন্ত:সত্ত্বা স্ত্রীর গর্ভপাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে যৌতুক না পেয়ে স্বামীর নির্যাতনে অন্ত:সত্ত্বা স্ত্রীর গর্ভপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গুরুতর আহত গৃহবধূ নুর জান্নাত (২২) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামী তৌহিদুর রহমানকে (২৮) আটক করেছে।

যশোরের বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামে বুধবার রাতে ওই ঘটনা ঘটে।

নুর জান্নাত অভিযোগ করে বলেন, 'তহিদুর রহমানের সঙ্গে ৭ মাস আগে তার সামাজিকভাবে বিয়ে হয়। তিনি ৩ মাসের অন্ত:সত্ত্বা  ছিলেন।'

তিনি বলেন, 'বিয়ের পর পরই যৌতুকের দাবিতে প্রতিনিয়ত আমাকে তাকে মারপিট করতেন তৌহিদ। সর্বশেষ গতরাতে তৌহিদ মারপিট করে আমার তলপেটে লাথি মারলে শুরু হয় রক্তক্ষরণ। পরে স্থানীয়দের সাহায্যে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আমাকে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে এসে প্রাণ নাশের হুমকি দেন তৌহিদ।'

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক জানান, জান্নাতের শরীরের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজউদ্দিন জানান, অভিযুক্ত তৌহিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।