স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাগ্নে রায়ান হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে তিনি দুর্নীতি করেছেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও গোপালগঞ্জের বাসিন্দা আনিচুর রহমান জনস্বার্থে  আজ মঙ্গলবার হাইকোর্টে এ রিট আবেদন করেন।

আবেদনে রায়ানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে সাত দিনের মধ্যে একটি স্বাধীন জুডিশিয়াল কমিটি গঠনের নির্দেশ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। রায়ান হামিদের প্রতিষ্ঠান ওই হাসপাতালে ২৪ ধরনের বৈদ্যুতিক সামগ্রী সরবরাহ করেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনকারীর আইনজীবী মো. আনিসুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নে রায়ান হামিদের মালিকানাধীন বিডি থাই কসমো লিমিটেড গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক সামগ্রী সরবরাহ করে। বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি, দৈনিক ইত্তেফাক এবং দিগন্তখবর টোয়েন্টিফোর ডটকম এ বছরের ১৩ জুলাই এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।'
 
ওই প্রতিবেদনগুলোর বরাত দিয়ে তিনি বলেন, 'ওই প্রতিষ্ঠান ১৫ ওয়াটের বাথরুম লাইটের জন্য তিন হাজার ৮৪৩ টাকা বিল করেছে, যার বাজার মূল্য ২৫০ থেকে ৫৫০ টাকা। ১৮ ওয়াটের এলইডি সারফেস লাইটের জন্য তিন হাজার ৭৫১ টাকা বিল করা হয়েছে, যার বাজার মূল্য ৭০০ থেকে ৮০০ টাকা। এলইডি ওয়াল স্পট লাইটের জন্য এক হাজার ৫৫৬ টাকা নেওয়া হয়েছে, যার বাজার মূল্য ৩০০ থেকে ৪০০ টাকা।'

এই আইনজীবী বলেন, 'এই দুর্নীতির অভিযোগের পেছনের অপরাধীদের খুঁজে বের করার জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত করা প্রয়োজন।'

রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার হতে পারে বলে জানান আইনজীবী মো. আনিসুজ্জামান।