সয়াবিন তেল মজুদ ও বেশি দামে বিক্রি, মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় একজন তেলের ডিলারসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি তেলের ডিলারের ব্যবসাপ্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সমন্বয়ক আশরাফুল ইসলাম। এ ছাড়া অভিযানে সহায়তা করে র্যাব-৯-এর একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আড়তগলিতে মেসার্স সামছু অ্যান্ড ব্রাদার্সের একটি তেলের গুদামে সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখা, বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে বিক্রি করা ও রশিদ দেখাতে না পারার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি দোকানটি সিলগালা করা হয়।
এ ছাড়া বেশি দামে তেল বিক্রির অভিযোগে পৌর সুপার মার্কেট এলাকার ব্যবসায়ী এমরান স্টোরকে ২ হাজার টাকা, শাহেদ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা ও মা ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন দ্য ডেইরি স্টারকে বলেন, 'বাজারের সব ব্যবসায়ীকে পাকা মেমো তৈরি ও প্রদান এবং বিক্রয় মূল্যের তালিকা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তেলের সরবরাহ সঠিক থাকা এবং ভোক্তা পর্যায়ে ন্যায্য দামে তেল পৌঁছাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম চলমান থাকবে।'

