হত্যা মামলায় এফআইআর কারসাজি: পুঠিয়ার সাবেক ওসির জামিন আবেদন নাকচ

স্টার অনলাইন রিপোর্ট

শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) কারচুপির অভিযোগে হওয়া দুর্নীতির মামলায় রাজশাহীর পুঠিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন আহমেদের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

বর্তমানে চাকরি থেকে বরখাস্ত শাকিলকে রাজশাহীর সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করে দুই সপ্তাহের মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, যাতে তিনি আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে না পারেন।

মামলায় শাকিলের আগাম জামিনের আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

নুরুল ইসলাম হত্যা মামলার ৮ আসামির নাম পরিবর্তন করে ২০১৯ সালের ১১ জুন এফআইআর কারচুপির অভিযোগে শাকিল উদ্দিনের বিরুদ্ধে চলতি বছরের ২৪ জানুয়ারি রাজশাহীর সম্মিলিত জেলা কার্যালয়ে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় দুদক জানায়, শাকিল উদ্দিন আহমেদ পুঠিয়ার ওসি থাকাকালে এফআইআর কারচুপির মাধ্যমে বেঙ্গল পুলিশ রেগুলেশনের ২৪৩ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা লঙ্ঘন করে অপরাধ করেছেন।

শ্রমিক নেতা নুরুল ইসলাম ২০১৯ সালের ১০ জুন রাত ৮টার দিকে নিখোঁজ হন এবং পরের দিন পুঠিয়ার এসএস ব্রিক ফিল্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০১৯ সালের ১১ জুন নুরুলের মেয়ে নিগার সুলতানা পুঠিয়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে নূরুলের প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পটলসহ ৮জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, তৎকালীন ওসি শাকিল পটলের পক্ষে নির্বাচনী ফলাফল কারচুপির সঙ্গে জড়িত ছিলেন।

আদালতে আজ শাকিলের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।