হাজীগঞ্জে মণ্ডপে হামলা: জামায়াত নেতার স্বীকারোক্তি

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত সাবেক শিবির সভাপতি ও জামায়াত নেতা মো. কামাল উদ্দিন আব্বাসি (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের নামও জবানবন্দিতে প্রকাশ করেছেন তিনি।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার পর বুধবার রাতে মো. কামাল উদ্দিন আব্বাসিকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে হামলায় জড়িত অন্যান্যদের নামও তিনি প্রকাশ করেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার মিলন মাহমুদ আরও বলেন, 'আমরা হাজীগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা নিয়েছি। তার মধ্যে ২টি মামলা পুলিশ বাদী হয়ে করেছে। বাকি ৮টি মামলা বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্তরা করেছেন। এসব মামলায় প্রায় ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।'

'ঘটনার পর থেকে এ পর্যন্ত আমরা জামায়াত নেতা ও সাবেক শিবির সভাপতি মো. কামাল উদ্দিন আব্বাসিসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছি। তাদের সবাই এখন জেল হাজতে আছেন। বাকি আসামিদেরও ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে,' বলেন তিনি।