ফরিদপুর

হাসপাতালে রোগীর স্বজনকে ছুরিকাঘাত: সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুর সদর হাসপাতালের ওয়ার্ডে ঢুকে রোগীর স্বজনকে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা দেবাশীষ নয়নকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ফরিদপুর ১ নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুর রহমান দেবাশীষকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর সদর হাসপাতালের নারী ওয়ার্ডে ভর্তি রোগী হীরা বেগমের স্বামী ফাহিম আহমেদ রাসেলকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের নার্স ইলা শিকদার ও দেবাশীষের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন ভুক্তভোগী রাসেল।

পরে নার্স ইলা শিকদার ও দেবাশীষ নয়ন উচ্চ আদালত থেকে ২১ দিনের আগাম জামিন নেন।

পুলিশ কর্মকর্তা সুমন রঞ্জন সরকার বলেন, '২১ দিনের আগাম জামিন শেষ হওয়ার পর আজ সোমবার ইলা ও দেবাশীষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত দেবাশীষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।'

তবে আদালত নার্স ইলার জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানান তিনি।

তিনি বলেন, 'দেবাশীষকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হবে।'

দেবাশীষ নয়ন (৩২) ফরিদপুর জেলা ছাত্রলীগের আগের কমিটির সহ-সভাপতি ছিলেন। জেলার আলোচিত বরকত ও রুবেল ২ ভাইয়ের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেন ফাইনের আনুসারী ছিলেন তিনি।

তার বিরুদ্ধে সালথা ও ফরিদপুর কোতোয়ালী থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে।