হাসেম ফুড কারখানায় আগুন: ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা ৪ সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন ৩০ দিনের মধ্যে জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ৪ মানবাধিকার সংগঠনের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল জারি করেন।

রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ৮ জুলাই হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক নিহত হন।

গত ১০ জুলাই আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) সম্মিলিতভাবে হাইকোর্টে রিট আবেদন জমা দেয়। আবেদনে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা এবং আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়।

এ ছাড়া, ঘটনার তদন্ত পরিচালনা এবং দায়ীদের বিচার ও শাস্তির জন্যও আদালতের কাছে আবেদন জানায় সংগঠন ৪টি ।