হিল্লা বিয়ের ফতোয়া: গ্রেপ্তার দুই আসামি কারাগারে
পঞ্চগড়ে হিল্লা বিয়ের ফতোয়া এবং দম্পতিকে একঘরে করার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে দেবীগঞ্জ আমলী আদালতের বিচারক এম এম মাহবুব ইসলাম আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি-সলিমনগর এলাকার আমির চাঁন (৫৫) ও তার ভাই সহিদ আলী (৪৫)।
আজ ভোরে ফুলবাড়ি-সলিমনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
এর আগে গত ২২ আগস্ট পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দেবীগঞ্জ আমলী আদালতের বিচারক এম এম মাহবুব ইসলাম ওই ঘটনায় ফতোয়া দেওয়া ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সুত্রে জানা যায়, দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নে মৌখিক তালাকের জের ধরে দিনমজুর আয়নাল হক (৫২) ও জামিরন বেগম (৪২) দম্পতিকে সমাজপতিদের একঘরে রাখার ঘটনাটি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১১ আগস্ট পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং ২২ আগস্টের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে বলেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।