হেফাজতে যুবকের মৃত্যু: অভিযুক্ত পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ উঠায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হালিমুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাকে লালমনিরহাট সদর থানা থেকে প্রত্যাহার করা হয়।

লালমনিরহাট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'যুবক রবিউল ইসলাম নিহত হওয়ার ঘটনায় আমরা তদন্ত করছি। তাকে যদি পুলিশ নির্যাতন করে, আর এ কারণে যদি তার মৃত্যু হয়ে থাকে অবশ্যই আমরা অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।'

'ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আমরা জানতে পারব, কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে,' তিনি বলেন।

নিহত রবিউল ইসলাম (২৬) সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় কাঠ ব্যবসায়ী রবিউলের স্ত্রী ও ৮ মাস বয়সী কন্যা সন্তান আছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কাজীর চওড়া গ্রামে বৈশাখী মেলা থেকে জুয়াড়ি সন্দেহে রবিউলকে আটক করে পুলিশ।

নিহতের স্বজনদের অভিযোগ, আটকের পর রবিউলকে পেটানো হয়। এতে রবিউল অচেতন হয়ে পড়লে রাত পৌনে ১২টার দিকে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।