১২ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার আটঘরিয়া উপজেলার উত্তরচক গ্রামে ১২ বছরের শিশুকে গাছের সঙ্গে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার ওই শিশুর মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে আটঘরিয়া থানায় মামলা দায়ের করেন।

ওই শিশুর মা সাংবাদিকদের বলেন, 'আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে, তাহলে পরিবারকে জানাতে পারত। এভাবে নির্যাতন করার অধিকার তার নেই।'

তিনি আরও বলেন, 'আমার ছেলে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরলেও এখনো আতঙ্কের মধ্যে আছে।'

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে মামলার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় পুলিশের নজরে আসে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।'

এই পুলিশ কর্মকর্তা বলেন, 'মামলা দায়েরের পর প্রধান আসামি কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।'

আটঘরিয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম রতন বলেন, 'ঘটনা আমি শুনেছি। ফেসবুকেও ছবিও দেখেছি। এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর শাস্তি দাবি করছি।'

স্থানীয়রা জানান, উত্তরচক গ্রামের ওই কিশোরকে গত সোমবার বাড়িতে ধরে নিয়ে যান অভিযুক্ত কামাল। তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ওই ঘটনার ছবি ফেসবুকে ছড়িয়ে দিলে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।