১৬৫০ কৃষি কর্মকর্তা নিয়োগে বৈধতার আদেশ আপিল বিভাগে বহাল
১ হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তার নিয়োগকে 'বৈধ' ঘোষণার হাইকোর্টের আদেশ সাময়িকভাবে বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই আদেশ বহাল রাখেন।
আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় দেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মো. মোরশেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুপ্রিম কোর্টের আদেশের পর ১ হাজার ৬৫০ জন কর্মকর্তার চাকরিতে যোগদানে আর কোনো আইনি বাধা নেই।
তবে, রিট আবেদনকারীরা চাইলে প্রত্যায়িত কপি পাওয়ার পর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করতে পারেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোর্শেদ। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।
এই কর্মকর্তাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর করা ২০টি রিট আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্ট গত ১৬ সেপ্টেম্বর ১ হাজার ৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তার নিয়োগকে বৈধ ঘোষণা করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) তুষার কান্তি রায় ডেইলি স্টারকে জানান, ২০১৮ সালের ২৩ জানুয়ারি সরকার ১ হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। গত বছরের ১৭ জানুয়ারি এ নিয়োগের ফলাফল প্রকাশিত হওয়ার পর বাদ পড়া প্রায় ৫০০ প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ২০টি পৃথক রিট আবেদন করেন।
রিট আবেদনের বরাত দিয়ে ডিএজি তুষার বলেন, আবেদনকারীদের দাবি, নিয়োগে কোটা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হয়নি। কোটা পদ্ধতি অনুসরণ করা হলে তারা নিয়োগ পেতেন।