১ বছরের সাজা এড়াতে ৮ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চেক প্রতারণার মামলায় ২০১৩ সালে এক বছরের সাজা হয়। সেই সাজা এড়াতে ছিলেন ৮ বছর পলাতক। তবে শেষ রক্ষা হয়নি।

আজ রোববার রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন জয়নুল আবেদীন জনি ওরফে তৌফিক (৩৯)। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামে।

গ্রেপ্তারের পর আজ বিকেল ৫টায় টায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দ্য ডেইলি স্টারকে জানান, ২০১০ সালে ঢাকায় পুরাতন গাড়ির ব্যবসা শুরু করেন তৌফিক। ২০১২ সালে ঋণ নিয়ে সিলেটে ট্রান্সপোর্ট ও মোটর পার্টসের ব্যবসা শুরু করেন তিনি। ২০১৩ সালে তার ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় আড়াই কোটি টাকা। বিভিন্ন সময় ঢাকা ও চুয়াডাঙ্গা আদালতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। ওই বছরই তার সাজা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে ৬টি সাজা পরোয়ানাসহ ১০টি গ্রেপ্তারি পরোয়ানা আছে।