২০০ বিএনপি নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন
নরসিংদী, নাটোর ও খুলনায় দায়ের করা ৫টি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ প্রায় ২ শতাধিক নেতাকর্মীকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তবে হাইকোর্ট তাদের ৪ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
বিএনপি নেতা-কর্মীদের দায়ের করা ১৫টি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে আবেদনকারীরা মামলা থেকে আগাম জামিনের জন্য হাইকোর্ট বেঞ্চে হাজির হন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের অনুমতির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভের পর পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে নরসিংদী, নাটোর ও খুলনায় এ মামলাগুলো করা হয়।
আবেদনকারীদের পক্ষে আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম শুনানিতে অংশ নেন।