২ মামলায় গ্রেপ্তার বাবুকে নেওয়া হচ্ছে কারাগারে
কুমিল্লায় ঘটনায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গ্রেপ্তার মঈনুদ্দিন আহমেদ বাবুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক এ আদেশ দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, গতকাল রাতে তাকে সাজেক থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ অক্টোবর থেকে বাবু পালিয়ে ছিলেন।
পুলিশ পরিদর্শক (আদালত) সালাহ উদ্দিন আল মাহমুদ জানান, বাবুর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। নানুয়া দীঘিরপাড়ে অস্থায়ী পূজা মণ্ডপে হামলার অভিযোগ এনে মণ্ডপের ব্যবস্থাপক তরুণ কান্তি মোদক এবং ঠাকুরপাড়ার শ্রী শ্রী কালী গাছতলা মন্দিরে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পূজা মণ্ডপে পবিত্র কুরআন শরিফ রাখার ঘটনায় ইকবাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র জানায়, মঈনুদ্দিন আহমেদ বাবু নানুয়া দিঘীরপাড়ে উপস্থিত জনতাকে উসকানি দেওয়া ব্যক্তিদের একজন হিসেবে চিহ্নিত করেন ইকবাল। বাবু স্থানীয় বাসিন্দাদের কাছে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সচিব হিসেবে পরিচিত। বিক্ষুব্ধ জনতা মণ্ডপে জড়ো হলে মঈনুদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যান।
মেয়র সাক্কুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, 'আমার কোনো ব্যক্তিগত সচিব নেই। তবে বাবু প্রায়ই আমার সঙ্গে থাকে। আমি পুলিশকে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনায় তার কী ভূমিকা তা খুঁজে বের করতে বলেছি। যদি সে দোষী হয়, তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত।'
কুমিল্লার ঘটনায় বাবু ছাড়া আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম।