৩ মাসে একখাত থেকেই রিং আইডির প্রতারণা ২১২ কোটি টাকা

স্টার অনলাইন রিপোর্ট

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল শুক্রবার রাজধানীর গুলশান এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার জনাব রেজাউল মাসুদের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

রিং আইডি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম হলেও এর মাধ্যমে নানা ধরনের সেবা দিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে তারা। যা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আজ এ বিষয়ে সাইবার পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন— এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাইবার পুলিশ সেন্টার এর মধ্যে রিং আইডির অবৈধ কার্যক্রম সম্পর্কে বিপুল তথ্য সংগ্রহ করেছে। প্রাপ্ত তথ্য অনুসারে, কেবল কমিউনিটি জবস খাত থেকেই রিং আইডি গত মে মাসে ২৩ কোটি ৯৪ হাজার টাকা, জুন মাসে ১০৯ কোটি ১৩ হাজার টাকা ও জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ হাজার টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ব্যাংক।