৪ নারীকে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি গ্রামে ডাকাতির সময় ৪ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এই আদেশ দেন।

এ বিষয়ে স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক মঈন উদ্দিন মামলার সব রেকর্ড ও সাক্ষ্য পেরিয়ে আসামিদের দোষী সাব্যস্তের পর এই আদেশ দেন।'

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মো. মিজান মাতব্বর ওরফে শহীদ হাওলাদার (৪৫), মো. আবু সামা (৩৭), মো. মহিদুল ইলসমা মুন্সী (৩১), মো. জহিরুল ইসলাম জহির ও ইলিয়াস শেখ ওরফে সুমন। এদের মধ্যে সুমন পলাতক রয়েছে।

তবে আরেক আসামি আবদুল হান্নানের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আইনজীবী সেন্টু বলেন, 'ধর্ষণ ও ডাকাতি উভয় অভিযোগে ট্রাইব্যুনাল ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ধর্ষণের ঘটনায় প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড এবং ডাকাতির ঘটনায় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।'

তিনি আরও জানান, মামলায় মোট ২১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ১৩ ডিসেম্বর ডাকাতির সময় ৪ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ৫ ডাকাত।

ঘটনার পর কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৯ সালের ৩ আগস্ট ডাকাতদের বিরুদ্ধে একটি চার্জশিট জমা দেয়। এরপর ২০২০ সালের ২২ নভেম্বর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।