৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রিন বার্ড মাল্টিপারপাসের মালিক গ্রেপ্তার
অর্থ আত্মসাতের অভিযোগে গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর মালিক আলাউদ্দিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাজধানীর রামপুরা থানায় মো. রায়হান নামে এক গ্রাহক অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন। মামলার বিবরণে তিনি ১২ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন।
এছাড়া কয়েক হাজার গ্রাহকের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে। মামলায় আলাউদ্দিন হোসেনকে প্রধান করে কয়েকজন অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয়েছে।
অর্থ আত্মসাতের অভিযোগে আলাউদ্দিন হোসেনের বিরুদ্ধে গত ৩ দিন ধরে বিক্ষোভ করছেন কয়েকশ গ্রাহক।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০১ সাল থেকে মাল্টিপারপাসের নামে টাকা লেনদেন করছেন আলাউদ্দিন হোসেন। সম্প্রতি এক গ্রাহক তার অফিসে গেলে তিনি জানান এই মূহুর্তে তার কাছে দেওয়ার মতো টাকা নেই। এটি জানাজানি হলে গত মঙ্গলবার কয়েকশ গ্রাহক ক্ষুব্ধ হয়ে তার অফিসে বিক্ষোভে করে। পরে আলাউদ্দিন ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চাইলে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে।'
মঙ্গলবার গ্রিন বার্ডের মালিক আলাউদ্দিনকে রামপুরা থানায় নেওয়া হলে থানার সামনে গত দুদিন ধরে গ্রাহকরা বিক্ষোভ করেছেন।
ওসি মো. রফিকুল ইসলাম আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি যে, ২০০৬ সালে এই প্রতিষ্ঠানটির রেজিস্ট্রেশন হয়। সেসময় থেকে প্রায় ৩০ কোটি টাকা সে গ্রাহকের কাছ থেকে পেয়েছে। বর্তমানে ব্যাংকে তার জমাকৃত অর্থ ও অন্যান্য সম্পদ মিলে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। মাঠ পর্যায়ের কর্মীদের কাছে আরও কিছু টাকা থাকতে পারে।'
এ ঘটনায় মামলার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান তিনি।