৫৭ ধারায় মামলার বৈধতা চ্যালেঞ্জ করে শহীদুলের আলমের রিট আবেদনের রায় কাল

স্টার অনলাইন ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ ধারায় মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শহীদুল আলমের দায়ের করা রিট আবেদনের ওপর আগামীকাল (সোমবার) হাইকোর্ট তার রায় দেবে। এই আইনের মামলায় তিনি ১০৭ দিন কারাগারে ছিলেন।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ আজ রোববার আবেদনের শুনানি শেষে রায় দিতে এই দিন নির্ধারণ করেছেন।

শহীদুল আলমের পক্ষে আদালতে শুনানিতে যুক্তি দেখান আইনজীবী এএফ হাসান আরিফ ও সারা হোসেন। অন্যদিকে শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

২০১৯ সালের ১৪ মার্চ হাইকোর্ট এই মামলার তদন্ত স্থগিত করে এবং ডিজিটাল নিরাপত্তা আইন গঠনের মাধ্যমে আইন বিলুপ্ত হওয়ার পরও কেন ৫৭ ধারায় দায়ের করা মামলাটি অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছিল।

একই বছরের ৩ মার্চ শহীদুল আলম এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করেন। এই আইনের মামলায় ১০৭ দিনের জন্য কারাগারে ছিলেন তিনি।

পিটিশনে তিনি এর ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন এটি তার 'মৌলিক অধিকার লঙ্ঘন করে' এবং তার বিরুদ্ধে এই 'প্রক্রিয়ার অপব্যবহার করে' মামলা দায়ের করা হয়েছিল।

২০১৮ সালের ৫ আগস্ট দৃক গ্যালারি এবং সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহীদুল আলমকে নিরাপদ সড়কের নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ধানমন্ডির বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

পুলিশ তার বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করে এবং পরের দিন তাকে ঢাকার আদালতে হাজির করে।

২০১৮ সালের ১৫ নভেম্বর হাইকোর্ট শহীদুল আলমের জামিন মঞ্জুর করেন এবং পরের দিন তাকে ঢাকা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।