৫৭ ধারার মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর সিকদার

স্টার অনলাইন রিপোর্ট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন এই রায় ঘোষণা করেন।

প্রবীর সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, শেষ পর্যন্ত আদালতের কাছ থেকে ন্যায় বিচার পেলাম। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল।

যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় গত ২২ মার্চ বিচারিক আদালত ১ এপ্রিল এই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছিলেন। রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে ১১ এপ্রিল করা হয়। করোনা মহামারির কারণে আদালতের বিচারক কার্যক্রম বন্ধ থাকায় রায় ঘোষণা স্থগিত ছিল।

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনাম ক্ষুণ্ন হয়েছে অভিযোগ এনে ফরিদপুর জেলার সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) স্বপন পাল তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ২০১৬ সালের ১৫ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মনির হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ৪ আগস্ট আদালত প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।