৫ মাস পর অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার
ময়মনসিংহে অপহরণের ৫ মাস পর এক স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ।
গতকাল রোববার বিকেলে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পিবিআই।
পিবিআই ময়মনসিংহ জেলার এসপি গৌতম কুমার বিশ্বাস বলেন, গত ১১ নভেম্বর বিকেলে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে তুহিন ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়। পরে শিক্ষার্থীর বাবা উজ্জ্বল মিয়া তুহিনসহ ৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, 'মামলার আসামি ওই স্কুল শিক্ষার্থীর প্রতিবেশী। তুহিন তাকে বিভিন্নভাবে বিরক্ত করত।'
তিনি জানান, আজ সোমবার ওই শিক্ষার্থীকে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে সে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. খাজেম মাহমুদ জানান, প্রধান আসামি মো. তুহিন (১৯) পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।