৫ হাজার টাকায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি: চবি শিক্ষার্থী আটক
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে আবেদন করেছিলেন মো. হায়দার রশিদ। আজ শুক্রবার সকালে তার পরীক্ষা ছিল। কিন্তু অংশ নেননি। কারণ তিনি ৫ হাজার টাকায় ভাড়া করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল উদ্দিনকে। তবে পরীক্ষার হলে বাধল বিপত্তি।
চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, জালাল উদ্দিন কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হন। সঙ্গে প্রবেশপত্রসহ যাবতীয় কাগজপত্র নিয়ে আসেন। তবে এসবই ছিল ভুয়া। পরীক্ষা শুরুর পর রেকর্ডে থাকা ছবির সঙ্গে জালালের চেহারার মিল পাননি কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের স্টাফ অফিসার পীযূষ কুমার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম পরীক্ষার হলে হাজিরা শিটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মেলানোর সময় গড়মিল পরিলক্ষিত হয়। এরপর হাজিরা শিটের তথ্য এবং প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে দেখা যায়, মো. হায়দার রশিদ নামের পরীক্ষার্থীর পরিবর্তে জালাল উদ্দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।'
তিনি বলেন, 'আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল উদ্দিন জানান, ৫ হাজার টাকার বিনিময়ে মো. হায়দার রশিদের হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসেছেন।'
জালাল উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে তাৎক্ষণিক নগরের নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১টার দিকে মিউনিসিপাল স্কুল সংলগ্ন এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য আব্দুল কাদের রিমনকে আটক করা হয়।
স্টাফ অফিসার পীযূষ কুমার চৌধুরী বলেন, 'আটকের পর রিমনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, জাহাঙ্গীর নামের একজনসহ আরও কয়েকজন মিলে নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে।'
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'আসামিরা থানায় আছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।'