৬৮ বছর পর মামলার নিষ্পত্তি, ৫০ বিঘা জমি বুঝে পেলেন বাদীপক্ষ
প্রায় ৬৮ বছর মামলা চলার পর আদালতের আদেশে বাদীর পরিবারকে ৫০ বিঘা জায়গা বুঝিয়ে দিয়েছেন দিনাজপুর জেলা আদালত।
আজ শনিবার দিনাজপুরের বিরামপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে মামলার বাদীর উত্তরাধিকার নাহিম চৌধুরীকে এই জায়গা বুঝিয়ে দেওয়া হয়।
দিনাজপুর জেলা জজ আদালতের নাজির শাহ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯৫৩ সালে দিনাজপুরের বিরামপুরের চৌধুরী পরিবারের আলতাফ হোসেন চৌধুরী তৎকালীন দিনাজপুরের একটি আদালতে বাটোয়ারা মামলা করেন। হোসেন আলী চৌধুরী ছিলেন এই মামলার বিবাদী। মামলা চলে ৬৮ বছর। দীর্ঘদিন মামলা চলার পর চলতি বছরে দিনাজপুর জেলা যুগ্ম আদালতের জজ রাজু আহম্মেদ গত ১০ নভেম্বর বাদী মো. নাহিম চৌধুরীর পক্ষে ডিক্রি প্রদান করেন।
তিনি আরও জানান, এ বছর ফেব্রুয়ারিতে মামলার বাদী মৃত্যুবরণ করেন।
নিষ্পত্তির পর আদালতের আদেশ মতে আজ আদালতের নাজির, আইনজীবী ও প্রশাসন উপস্থিত থেকে বাদীপক্ষকে ১৬.৭৫ একর জমির দখল বুঝিয়ে দিয়েছেন।
দীর্ঘ ৬৮ বছর পর জমি ফেরত পেয়ে পরিবারের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করেন নাহিম চৌধুরী।