৬ বছরের শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক জনের মৃত্যুদণ্ড
রংপুরের পীরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক জনকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দীর্ঘ ৯ বছর পর আজ রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি হিরু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ এপ্রিল রংপুরের পীরগঞ্জ উপজেলা এই ঘটনা ঘটে। নিহত শিশুর চাচা বাদী হয়ে পীরগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পরে আসামি হিরু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বাদী পক্ষে আদালতে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আজ আদালত আসামি হিরুকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিশেষ পিপি অ্যাডভোকেট তাজিবুর রহমান লাইজু জানিয়েছেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।