৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল মজুদ, ২ ব্যবসায়ীকে জরিমানা
জামালপুরের মেলান্দহে দুই ব্যবসায়ীর গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে পাওয়া গেল ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল। অবৈধভাবে এই তেল মজুদের দায়ে ওই দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সিরাজুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিমাণের অতিরিক্ত ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্তিম সংকট তৈরির দায়ে মেসার্স তপু এন্টারপ্রাইজের মালিক তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারের মালিক মো. সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন, মের্সাস তপু এন্টারপ্রাইজের গোডাউনে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ও জননী তেল ভান্ডারে ১৬৬ টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল মজুত ছিল।
এসময় গোয়েন্দা সংস্থার সদস্যসহ পুলিশ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।