৯৯৯-এ ফোন, শীতলক্ষ্যায় নৌযান থেকে ২ তরুণী উদ্ধার, গ্রেপ্তার ১৬

স্টার অনলাইন রিপোর্ট

শীতলক্ষ্যা নদীতে নৌযানে যৌন হয়রানির শিকার দুই তরুণীকে ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে উদ্ধার অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা ও দুই তরুণীকে যৌন হয়রানির অভিযোগে ১৬ জনকে আটক করেছে গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ।

গতকাল বুধবার রাত ৮টার দিকে এক তরুণী ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানান।

কাপাসিয়ায় থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জানান, গাজীপুরের কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীর নাকাশিনি ঘাট থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে এবং পিকনিক দলের ১৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আহত পুলিশ দলের নৌকার মাঝি এবং এসআই সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন করে ওই তরুণী জানান, গাজীপুরের কাপাসিয়া থেকে ৫০-৬০ জনের একটি পিকনিক দলের সঙ্গে তারা গিয়েছিলেন। পিকনিকে নৃত্য পরিবেশনের পর তাদের চলে যাওয়ার কথা থাকলেও তাদের যেতে দেওয়া হচ্ছিল না। এসময় নানাভাবে তাদের উত্ত্যক্ত করা হয় বলে তারা অভিযোগ করেন। পরে একজন লুকিয়ে ৯৯৯-এ ফোন করে দ্রুত উদ্ধারের অনুরোধ জানান।

ফোন কল পেয়ে গাজীপুর কাপাসিয়া থানার একটি দল নৌযানে করে দ্রুত ঘটনাস্থলে গেলে পিকনিক দলের বড় নৌযানটি পুলিশ দলের ছোট নৌযানকে জোরে আঘাত করলে সেটি ডুবে যায়। আশেপাশের অন্য নৌযানের মাঝিরা আক্রান্ত পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

পরে পুলিশ সদস্যরাও ৯৯৯-এ ফোন করে পরিস্থিত জানান। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে কাপাসিয়া থানার একাধিক দল এবং পার্শ্ববর্তী কালিগঞ্জ থানার পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে অভিযানে নামে।

এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে। বাকি অপরাধীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।