৯ দিনে ৬,৬৫৫ যাত্রীকে জরিমানা পশ্চিম রেলওয়ের

নিজস্ব সংবাদদাতা, পাবনা

টিকিট না থাকায় ৯ দিনে প্রায় ৬ হাজার ৬৫৫ জন যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে পশ্চিম বিভাগ। অক্টোবরের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ৯ দিন রেলওয়ের বিশেষ টাস্কফোর্স পশ্চিম বিভাগের বিভিন্ন ট্রেনে এ অভিযান চালায়।

আজ সোমবার রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ও টাস্কফোর্সের সমন্বয়কারী মো. নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রেলওয়ে পশ্চিম বিভাগের বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানে টিকিট না থাকায় ৬ হাজার ৬৫৫ জন যাত্রীর কাছ থেকে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার ৫৭০ ভাড়াসহ জরিমানা আদায় করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, এ সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাগরদাঁড়ি এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত বগি যোগ করে চালানো হয়। এ সুযোগে অনেকেই টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ সুবিধা নেওয়ার চেষ্টা করে।