‘ডিএনএ টেস্ট করলেই জিয়াউর রহমানের লাশ নিয়ে বিতর্ক শেষ হবে’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ডিএনএ টেস্ট করলেই চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা লাশ নিয়ে বিতর্ক শেষ হবে।
রোববার সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শাহজাহান খান বলেন, 'জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওখানে জিয়াউর রহমানের লাশ নেই। একটা দেশের সরকার প্রধান যখন বলেন, তিনি কি তথ্য না জেনে বলতে পারেন? আমি মনে করি না। তার ওপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি তথ্য না জেনে এই কথা বলেননি। তিনি কখনো ফালতু কথা বলার মানুষ না।'
তিনি আরও বলেন, 'যদি আজকে প্রমাণ করতে চান প্রমাণ করেন। ডিএনএ টেস্ট করেন। এই কথাটা আজকের না, এই কথাটা যখন জিয়াউর রহমানকে এখানে দাফন করা হয়, এখানে কবর দেওয়া হয়। তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে, এই লাশটা কার? কে দেখেছে এই লাশ? তার ছেলে, মেয়ে, স্ত্রী কেউ তার লাশ দেখেননি। কোনো মানুষ দেখেনি। তাহলে এই লাশটা কার? এ নিয়ে বিতর্ক হয়েছিল। তাকে যখন এখানে কবর দেওয়া হয়েছিল- তখনই এই প্রশ্ন উঠেছিল।'
এর আগে, আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন।