ডেইলি স্টারে সংবাদের পর স্কুলমাঠ থেকে সরেছে তামাকের হাট

এস দিলীপ রায়
এস দিলীপ রায়

স্কুলমাঠটি এখন তামাকমুক্ত। স্কুলের সামনে উন্মুক্ত পরিবেশ, বিরাজ করছে দৃষ্টিনন্দন প্রকৃতি। অথচ কয়েকদিন আগেও এই মাঠে বসত তামাকে হাট।

গত ২৭ মার্চ দ্য ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্কুলমাঠ থেকে দ্রুত তামাকের হাট সরিয়ে দেয়।

লালমনিরহাট সদর উপজেলার দুড়াকুটি গ্রামের দুড়াকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করে, শিক্ষক রয়েছেন ৩০ জন।

আজ মঙ্গলবার সকালে দুড়াকুটি স্কুলমাঠে গিয়ে দেখা যায়, সেখানে বসেনি তামাকের হাট। স্কুলমাঠে চোখে পড়েনি মানুষের কোলাহল, দোকানপাট। মাঠ জুড়ে থাকা তামাকের উটকো গন্ধও নেই। স্কুলমাঠ থেকে তামাকের হাট সরিয়ে নেওয়ায় খুশি হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

স্থানীয়রা বলেন, কয়েকদিন আগেও স্কুল মাঠে বসতো তামাকের হাট। সূর্য ওঠার আগেই এই হাট বসতো, শেষ হতো সকাল ১০টার দিকে। স্কুলমাঠে শহীদ মিনারের বেদীতে চলতো তামাক বেচা-কেনা। তামাক ক্রেতা-বিক্রেতারা জুতা পায়েই উঠে যেতেন শহীদ মিনারের বেদীতে। স্কুলমাঠে তামাক হাটের কারণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই অস্বস্তিকর অবস্থায় ছিলেন। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হওয়ায় তারা খুশি।

স্থানীয় অভিভাবক সহিদার রহমান ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন ধরে এই মাঠে তামাকের হাট বনে। স্কুল কর্তৃপক্ষকে তামাকহাট উঠিয়ে দেওয়ার জন্য বারবার বলা হলেও কাজ হয়নি। অবশেষে ডেইলি স্টার পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে হাটটি সরিয়ে দিয়েছে।'

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) ডেইলি স্টারকে বলেন, 'ডেইলি স্টারে প্রকাশিত সংবাদটি চোখে পড়ার পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেই এবং স্কুলমাঠটি তামাকহাট মুক্ত করি। আবার যদি স্কুলমাঠে তামাকের হাট বসানোর চেষ্টা করা হয় তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'