ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী-জয়নগর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, নিহত দুই জন হলেন—ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের ইব্রাহিম হোসেন (২৫) ও একই গ্রামের মো. জয় (২৬)। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।
ওসি মো. রফিকুল ইসলাম বলেন, 'মোটরসাইকেলে করে তিন জন ঈশ্বরদী থেকে জয়নগরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি জয়নগরের শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।'