এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের কর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের টার্মিনালে নোঙরের সময় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের স্টাফ মো. আবু তাহের জাহিদ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আবু তাহের নোয়াখালীর কোপানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিআইডাব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের নৌপরিদর্শক মো. সোলেমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অর্পন নামের যাত্রীবাহী লঞ্চ শিমুলিয়া ঘাটের টার্মিনালে নোঙরের চেষ্টা করছিল। কিন্তু, এটি দুই লঞ্চের মাঝখান দিয়ে প্রবেশের সময় সেখানে আটকে যায়। এরপর মায়ের দোয়া লঞ্চের স্টাফ মো. জাহিদ লঞ্চটিকে সরানোর চেষ্টা করে। এসময় লঞ্চের সামনে অংশ আবু তাহেরের বুকে আঘাত করে।

মাওয়া নৌ-পুলিশের ইনর্চাজ আবু তাহের মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহতে আবু তাহেরকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে আছে।'

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।