কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট সংযোগকর্মীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে স্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (৩০) নামে এক ইন্টারনেট সংযোগকর্মীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুর ১টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের তার থেকে মরদেহ নামিয়ে কুমারখালী থানায় হস্তান্তর করে।

সবুজ কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনী পাড়ার জালাল উদ্দিনের ছেলে। সবুজের চাচাতো ভাই আমোদ মোল্লা জানান, আজ সকাল ৮টার দিকে কুষ্টিয়ার কেসি টিভির কর্মস্থলে যান সবুজ। এরপর কেসি টিভি কর্তৃপক্ষ তাকে কুমারখালী উপজেলার তেবাড়িয়া মোড়ে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট তার বাঁধার দায়িত্ব দেয়। সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুতের খুঁটিতে উঠে তার বাঁধার এক পর্যায়ে স্পৃষ্ট হয়ে সবুজের শরীরে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সবুজের কোমরে সেইফটি বেল্ট বাঁধা ছিল। ওই অবস্থায় বিদ্যুতের খুঁটির সঙ্গে সবুজের মরদেহ ঝুলছিল।

তালুকদার কামরুজ্জামান আরও বলেন, একাধিকবার নিষেধ করা সত্বেও ইন্টারনেট প্রোভাইডাররা ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ করছেন এবং জীবনহানির ঘটনা ঘটছে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।