খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর খিলগাঁও বাগিচা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিহাব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিন সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনের ধাক্কায় শিহাব আহত হন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিহাব র‌্যাব-৩ এর সিপিসি-১ এর চুক্তিভিত্তিক অস্থায়ী বাবুর্চি হিসেবে কাজ করতেন। সিপিসি-১ এর মেস ম্যানেজার আশরাফ উদ্দিন জানিয়েছেন, সকালে আমার সঙ্গে শিহাবের বাজারে যাওয়ার কথা ছিল। কিন্তু শিহাব আগেই বের যায়। কিছুক্ষণ পর জানতে পারি সে বাগিচা মসজিদ সংলগ্ন রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। শিহাবের বাড়ি  জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। ঢাকায় তিনি ক্যাম্পেই থাকতেন।

বাচ্চু মিয়া আরও জানান, ময়নাতদন্তের জন্য শিহাবের মরদেহ মর্গে রাখা হয়েছে।