গুলশানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
রাজধানীর গুলশানে ট্রাকের সঙ্গে রিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন ওই শিশুর পরিবারের আরও ৩ সদস্য।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনায় নিহত হয় রিহান (৫)। আহতরা হলেন—শিশুটির বড় বোন রাহী (৬), বাবা আব্দুর রহিম ও মা শাহজাদী আক্তার মাফারা (২৫)।
রিহানের মামা নজরুল ইসলাম বলেন, 'নতুন বাজার থেকে বাজার করে সপরিবারে রিকশাযোগে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হয়। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রিহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।'
তিনি আরও বলেন, 'রিহানের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাহী ও মাফারাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য শাহবুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
তিনি জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে। বর্তমানে তারা বাড্ডা বাঁশতলা এলাকায় ভাড়া থাকে। গুলশানে মুদি দোকান রয়েছে আব্দুর রহিমের।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'রাতে তারা রিকশায় করে যাচ্ছিলেন। চিনি বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তারা ৪ জনই ছিটকে পরে আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।'
তিনি আরও বলেন, 'ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে রিকশাচালককে পাওয়া যায়নি।'
এই ঘটনা এখনো কোনো মামলা দায়ের করা হয়নি এবং অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।