গ্রিন রোডে ভবনের সানশেড ভেঙে আহতের ঘটনায় ১ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গ্রিন রোডে একটি বহুতল ভবনের সানশেড ভেঙে ২ জন আহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত শফি উল্লাহ (৪০) নামে একজন মারা গেছেন।

বুধবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রিন রোডে এই ঘটনা ঘটে। 

এ ছাড়া এনামুল হক (৫০) নামে আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে শফি উল্লাহ'র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। অবস্থার উন্নতি না হওয়া স্বজনরা তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। রাতে সেখান থেকে আবারও ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তারা গ্রিন রোডের 'গ্রিন লাইফ হাসপাতালের' পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে বের হবার পরই পাশের খাজা হোটেলের ৬তলা ভবনের ওপর থেকে সানশেড ভেঙে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাদের হাসপাতালে নিয়ে যান। 

শফি উল্লাহর পরিচিত মো. ইদ্রীস আলী জানান, শফি উল্লাহ ধানমন্ডি আই হাসপাতালের পেছনের একটি বাসায় থাকেন। গ্রিন রোডে গ্রিন মার্ট মার্কেটে 'সায়মা কম্পিউটার' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

আহত এনামুল গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার। রেস্টুরেন্টের উপরের তলায় থাকেন তিনি।

এ বিষযে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, একটি পুরান ভবনের সানশেড ভেঙে নিচে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।