ঘোড়াশালে প্রাণ ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে
নরসিংদীর ঘোড়াশালে প্রাণ কোম্পানির ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে। পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাদিউল ইসলাম সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘোড়াশালে প্রাণ জুস কারখানার ৪ তলা ভবনে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম জানান, প্রাণ জুস কারখানার ৩ তলা ও ৪ তলায় হঠাৎ আগুন দেখতে পান কর্মীরা। খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেয়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।