চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: ৫ ভাইয়ের পর চলে গেলেন রক্তিম সুশীলও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চকরিয়ার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ ভাই নিহত হওয়ার পর না ফেরার দেশে চলে গেলেন আরেক ভাই রক্তিম সুশীল।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ১১টায় রক্তিমকে মৃত ঘোষণা করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি রক্তিমকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ড. নোমান খালেদ চৌধুরী জানান, চমেক হাসপাতালে ভর্তির সময় রক্তিমের জ্ঞান ছিল না। তিনি আর জ্ঞান ফিরে পাননি।

'তার শরীরের বিভিন্ন অংশে ফ্র্যাকচার ছিল এবং ব্রেন হেমারেজ হয়েছিল', যোগ করেন তিনি। 

পরিবারের সূত্র থেকে জানা গেছে, রক্তিমের একটি ৪ বছর বয়সী ছেলে আছে।

৮ ফেব্রুয়ারি সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলায় তাদের সদ্য প্রয়াত বাবার শেষকৃত্য সম্পন্ন করে শ্মশান থেকে ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় ৫ ভাই অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০) ও চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯) নিহত হন এবং রক্তিম, প্লাবন ও আরেক বোন হীরা আহত হন। প্লাবন সুস্থ হয়ে ১২ ফেব্রুয়ারি চমেক হাসপাতাল থেকে বাড়িতে আসেন।

এ ঘটনাকে পূর্ব-পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যায়িত করে পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। ইতোমধ্যে প্লাবন বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।