চট্টগ্রামে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে ৯ বছরের শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

গতকাল রাত ১১টা ৪০ মিনিটের দিকে কর্নেল হাটের কমিউনিটি সেন্ট্রাল রোড এলাকার আবাসিক ভবন মরিয়ম ভিলার ছয়তলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন, সাজিদা (৪০), তার ৩ ছেলে সানি (২৪), জীবন (১৫) ও স্বাধীন (১৫) এবং দিলরুবা (১৯) ও মাহি (৯)।

তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন বলে জানান বার্ন ইউনিট প্রধান ডা. রফিকুল ইসলাম।

তিনি আরও জানান, তাদের মধ্যে ৫ জনের অবস্থা সংকটাপন্ন।

ওসি জহির হোসেন বলেন, 'ওই ফ্ল্যাটের বাসিন্দারা কোনো কিছুতে আগুন ধরাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। কারণ তারা সেসময় ফ্ল্যাটে গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানান।'

'গ্যাসের লাইন লিকেজ হয়ে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে', যোগ করেন তিনি।