চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরেক স্কুলছাত্রী আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

খাদিজা হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দিনের মেয়ে এবং হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এবং খাদিজার পারিবারিক সূত্র জানায়, গতকাল বিকেলে খাদিজা ও তার সহপাঠী হালিমা খাতুন আরও কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির পাশের এসকেএসবি ইট ভাটার মাটির ঢিবির ওপর খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত খাদিজা ও হালিমা বিদ্যুতের তারে হাত দিলে ২ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।  

তাদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খাদিজাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়। হালিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।