ডুবে যাওয়া ফেরি উদ্ধারে পাটুরিয়ায় জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল ঘাটে পৌঁছেছে।
আজ সোমবার ভোরে চট্টগ্রাম থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি উদ্ধারের জন্য ৫০ সদস্যের একটি দল আসে।
জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বলেন, 'গতকাল নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে আজ ভোরে এসে পৌঁছেছি। আমাদের আরও সদস্য পথে রয়েছেন। তারা মালামাল বোঝাই ট্রাক নিয়ে আসছেন, যানজটের কারণে আসতে দেরি হচ্ছে।'
তিনি আরও বলেন, 'নদীপথে আমাদের নিজস্ব ৬টি উইন্স ভার্জে ৬টি পন্টুনসহ ৬ ইঞ্চি ওয়্যার আসছে। প্রতিটি পন্টুন ওজন তুলবে ৪০০ টন।'
কাজ কখন থেকে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের ডুবরী দলসহ ৩ ইঞ্চি ওয়্যার ঘাটে আসা মাত্রই আমাদের প্রাথমিক সার্ভে কাজ শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে উইন্স ভার্জগুলো আসার পর।'
অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে বলে যোগ করেন তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, 'জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। আমাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি কাজ করবে। তাদের সব সরঞ্জাম আসলে তারা ফেরি তোলার কাজ শুরু করবে। উদ্ধারকারী জাহাজ চট্টগ্রাম থেকে রওনা করেছে। আজ সন্ধ্যায় পাটুরিয়া ঘাটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।'
গত ২৭ অক্টোবর পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনসহ রো রো ফেরি আমানত শাহ কাত হয়ে হেলে পড়ে। এতে করে ফেরিটি আংশিক ডুবে যায় এবং ফেরিতে থাকা যানবাহন নদীতে পড়ে যায়।
ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ 'হামজা'। এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন। ঘটনার চতুর্থ দিনে গত শনিবার সকাল থেকে 'রুস্তম' নামের বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী আরেকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডুবে যাওয়ায় ১৪টি পণ্যবাহী যানবাহন ও ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।