ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে যোগ দিয়েছে ‘রুস্তম’
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে চতুর্থ দিনের মতো অভিযান চলছে। আজ শনিবার সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজার পাশাপাশি সকাল ১০টায় অভিযানে যোগ দেয় শিমুলিয়া থেকে আসা জাহাজ রুস্তম।
আজ সকাল থেকে দুটি মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। আরও একটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করতে কাজ করছে হামজা। নদীর কূলের কাছাকাছি রাখা ৪টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান উদ্ধারে কাজ করছে রুস্তম।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএ'র পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আজকের মধ্যেই পানিতে নিমজ্জিত গাড়িগুলোকে উদ্ধার করা সম্ভব হবে। এরপর ফেরি উদ্ধারের কাজ শুরু করা হবে। সে জন্য বেসরকারি উদ্ধারকারী জাহাজ আনা হবে।