তেজকুনি পাড়ায় বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর তেজকুনি পাড়ায় একটি তিন তলা বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল ইসলাম আলিফ নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

আলিফ নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের খায়রুল মিয়ার ছেলে। সে গ্রামের একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।

আলিফের মামা ইয়াছিন হোসেন লিটন দ্য ডেইলি স্টারকে জানান, আলিফ গতকাল মা-বাবার সঙ্গে ঢাকায় তার বাসায় বেড়াতে আসে। আজ দুপুরে সে বড় বোন বৃষ্টি আক্তার ও খালা স্বপ্না আক্তারের সঙ্গে তিন তলার ছাদে বৃষ্টিতে ভিজতে যায়। ছাদে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়েছিল লোহার গ্যাস পাইপ। আলিফ সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তিনি আরও জানান, আলিফের খালা স্বপ্না তাকে বাঁচাতে গেলে তিনিও তড়িতাহত হন। পরে আলিফের বাবা খায়রুল তাকে বাঁশ দিয়ে ছাড়িয়ে হাসপাতালে নিলে সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলিফের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁ থানায় জানানো হয়েছে।'