নিয়ন্ত্রণ হারিয়ে ১৫টি গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় সার বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৫টি গাড়িকে ধাক্কা দিয়েছে। এতে একটি সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ সোমবার দুপুরে ঢাকা-মুক্তারপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে আছে ১১টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি ট্রাক, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল ও ১টি অটোরিকশা।

এ দুর্ঘটনায় নিহত রুনা আক্তার (৩৫) সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৪ জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুনার ভাই মো. ফরিদ হাছান ডেইলি স্টারকে জানান, রুনা তার ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে সকালে ঢাকা থেকে মুন্সিগঞ্জের সদরের শাখারীবাজার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে দুর্ঘটনায় রুনা মারা গেছেন এবং তার সন্তানরা আহত হয়ে চিকিৎসাধীন আছে।

জানতে চাইলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. সোহাগ ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় আহত ১৪ জন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রুনা আক্তার মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। সে কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।

ট্রাফিক পরিদর্শক মো. বজলুর রহমান জানান, মুক্তারপুর সেতুতে সরকারি সার বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেশ কিছু গাড়িকে ধাক্কা দেয়। ট্রাকটি প্রায় দেড় কিলোমিটার পথ নিয়ন্ত্রণ হারিয়ে চলতে থাকে।

তিনি আরও জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল বলেও জানান তিনি।