নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুর রহিম (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী পৌর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহিম পৌর এলাকার ২নং ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে।

সাহেদ উদ্দিন আরও বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানচালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।